
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১১ লাখ ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের আশারঘরপাড়া সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়। বুধবার (৪ নভেম্বর) আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুল রহমান।
ব্রিফিংয়ে তিনি জানান, ৩ নভেম্বর টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ থানার সাবরাং বাজার এলাকায় অভিযান চালানোর সময় মাদক পাচারসংক্রান্ত তথ্য পায়। ওই তথ্যের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার গ্রামের আশারঘরপাড়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুর রহিম ও মোহাম্মদ আদিম। তাঁরা দুজনই হ্নীলা এলাকার বাসিন্দা।
এসআরবি অধিনায়ক জানান, গত ৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এক মাসে স্পেশাল রেসপন্স টিম মোট ৫৫টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, একটি একনলা বন্দুক, দুটি ওয়ান শুটার গান, ১০০ রাউন্ড তাজা গুলি এবং শটগানের সাতটি খালি খোসা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া এসব অভিযানে সাতজন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রিফিংয়ে এসআরবি অধিনায়ক বলেন, মাদক ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে তাঁদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি বদ্ধপরিকর।